আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের ভরসায় 'হীনবল' বার্সা

গ্রুপের অন্য ম্যাচে আয়াক্স আমস্টারডামের সঙ্গে ড্র করলেই বার্সেলোনার সঙ্গী হবে এসি মিলান। পরের রাউন্ডে যেতে হলে আয়াক্সের জয় ছাড়া কোনো গতি নেই।
পাঁচ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সা। মিলান ও আয়াক্সের পয়েন্ট ৮ ও ৭। শেষ ম্যাচে সেলটিকের বিপক্ষে বার্সা হেরে বসলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মিলানের।


তাই ঘরের মাঠ ক্যাম্প নউতে ম্যাচটির গুরুত্ব কোনো অংশেই কম নয় স্পেনের চ্যাম্পিয়নদের জন্য। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যা ঘিরে ধরেছে বার্সাকে। উরুর চোটের কারণে সেরা তারকা লিওনেল মেসি আগে থেকেই নেই।
গোলরক্ষক ভিক্তর ভালদেস, ডিফেন্ডার দানি আলভেস ও ডিফেন্ডার জোনাথন দোস সান্তোস চোট থেকে সেরে উঠেননি। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসও।

বার্সা সমর্থকরা তাই ভরসা করছেন ব্রাজিল তারকা নেইমারের উপর।


তাছাড়া মেসিবিহীন বার্সার সাম্প্রতিক পারফরম্যান্সও ভাবিয়ে তুলেছে সমর্থকদের। গত দুই সপ্তাহে তিন ম্যাচে টানা দুটিতে হেরেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে নেদারল্যান্ডসের আয়াক্সের মাঠে ২-১ গোলে হারের পর গত সপ্তাহে লা লিগায় আথলেতিকো বিলবাওয়ের মাঠে ১-০ ব্যবধানে হেরে যায় দলটি। গত শুক্রবার কোপা দেল রেতে দুর্বল কার্তেহেনাকে অবশ্য ৪-১ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে তারা।


তবে পুরনো ব্যর্থতা ভুলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা কোচ জেরার্দো মার্তিনো। "সবদিক থেকেই (সেলটিকের বিপক্ষে) এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ভালো খেলে আমাদের জিততে হবে এবং শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হবে। "
চেলসির সঙ্গী হতে বাসেল শালকের লড়াই
‘ই’ গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে আগেই সেরা ষোলো নিশ্চিত করেছে ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। ইংল্যান্ডের দলটির সঙ্গী হতে বুধবার মুখোমুখি লড়বে জার্মানির শালকে ও সুইজারল্যান্ডের বাসেল।

বাসেল ও শালকের পয়েন্ট যথাক্রমে ৮ ও ৭।
অপর ম্যাচে চেলসি খেলবে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের বিপক্ষে। বার্সার গ্রুপের মতো এখানেও গ্রুপ চ্যাম্পিয়ন এখনও নির্ধারণ হয়নি। তাই গ্রুপ সেরা হিসেবে নক আউট পর্বে খেলতে হলে বুখারেস্টকে হারানোটাই চেলসির জন্য হবে সহজ হিসেব। নয়তো নির্ভর করতে হবে অন্য ম্যাচটির উপর।


পোর্তোর চেয়ে এগিয়ে জেনিত
‘জি’ গ্রুপে অবশ্য তেমন কোনো জটিলতা নেই। প্রথম পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়ায় ‘জি’ গ্রুপে আতলেতিকো মাদ্রিদের শীর্ষস্থান নিশ্চিত। পরবর্তী রাউন্ডে তাদের সঙ্গী হওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও পর্তুগালের পোর্তোর। জেনিত ও পোর্তোর পয়েন্ট যথাক্রমে ৬ ও ৫।
এদিন অস্ট্রিয়া ভিয়েনার বিপক্ষে খেলবে জেনিত আর আতলেতিকোর মাঠে খেলবে পোর্তো।

সে হিসেবে জেনিত পাচ্ছে দুর্বল প্রতিপক্ষকে। অস্ট্রিয়ার দলটির পয়েন্ট মাত্র ২।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.