সোমবার টেস্টের প্রথম দিন ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।
দিনের খেলা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হতাশ সাকিব বলেন, “আমরা অনেক পিছিয়ে আছি। এখন আমাদের বোলারদের অনেক বড় দায়িত্ব নিতে হবে। ”
তবে বোলাররা কিন্তু প্রথম দিন কোনো সাফল্য এনে দিতে পারেনি। দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা।
সাকিব জানান, তিনি যতক্ষণ ব্যাটিং করেছেন উইকেট বেশ ভালোই মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে মানের ক্রিকেট খেলছে তাতে আরো ব্যাটিং আশা করছিলেন তিনি।
“আমাদের যে সামর্থ্য তাতে এই উইকেটে নিজেদের সেরা ব্যাটিং না করে স্বাভাবিক ব্যাটিংয়েও পৌঁনে চারশ' রান করা যেত। সেটা করতে পারিনি। সত্যি কথা, অনেক পেছনে আছি।
”
“যারা আউট হয়েছে তাদের কেউ বলেনি উইকেট ডিফিক্যাল্ট ছিল। ... উইকেট নিয়ে কোনো সমস্যার কথা কেউ বলেনি। ”
দুই সেশনের একটু বেশি সময় ব্যাট করে অলআউট হয়ে যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “ওরা ভালো বল করছে আর আমরাও ভুল করছি। দুইটারই কম্বিনেশন ছিল।
দিনের প্রথম ৮/১০ ওভারে কিন্তু কোনো উইকেট পড়েনি। রানও ৪০ এর মতো হয়ে গিয়েছিল। খেলতেও খুব একটা সমস্যা হচ্ছিল না। ”
মুশফিকুর রহিম ও নাসির হোসেনের 'বিতর্কিত' আউট নিয়ে কোনো মন্তব্য করতে চান নি সাকিব। ‘রিপ্লেতে’ অনেক ভুল ধরা পড়ে যা ‘রিয়েল টাইমে’ অনেক সময় বোঝা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
অর্ধশতক করলেও নিজে বাজে শট খেলে আউট হয়েছেন বলে অসন্তুষ্ট সাকিব।
“খাটো লেন্থের বলে ওরা পরিকল্পনা করে থাকতে পারে। আমার মনে হয় না খাটো লেন্থের বলে আমরা বেশি উইকেট হারিয়েছি। আমিসহ দুয়েকজন বাজে শট খেলে আউট হয়েছি। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।