আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে র‌্যাবের বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যবারের মতো এবারের রমজান মাসেও দেশজুড়ে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমজান মাসে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় ছিনতাই, চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এসব পদক্ষেপ নিয়েছে র‌্যাব। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় তিন ধাপে বিশেষ ব্যবস্থা নেবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাস উপলক্ষে ইফতার, তারাবির নামাজ এবং সেহরির সময় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নজরদারি ও আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ব্যাংকসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় আর্থিক লেনদেন ও পরিবহনে ছিনতাই, ডাকাতি এবং অজ্ঞান পার্টি রোধে বিশেষ নজরদারি করা হবে।
দেশের বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে ভ্রাম্যমাণ তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালানো হবে। এসব স্থানে মোটরসাইকেল নিয়ে ও হেঁটে র‌্যাবের দল টহল দেবে। র‌্যাবের পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে।
এ ব্যাপারে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, রমজান মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধে তাঁদের অভিযান আরও জোরদার করা হবে।

ঈদে ঘরমুখো যাত্রী হয়রানি ও টিকিটের কালোবাজারি ঠেকাতে র‌্যাবের পদক্ষেপের কথা উল্লেখ করেন উইং কমান্ডার হাবিবুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, বাস, রেল, লঞ্চ কাউন্টার ও টার্মিনালগুলোয় ঈদের ঘরমুখো মানুষ যেন টিকিট কিনে প্রতারিত না হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।