আমাদের কথা খুঁজে নিন

   

মান্নান বিভ্রান্তি ছড়াচ্ছেন: রিটার্নিং কর্মকর্তা

ভোটের আগের দিন সংবাদ সম্মেলন করে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান। এ ছাড়া বিএনপির প্রার্থী নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা এ কথা বলেন।
নির্বাচনের আগের দিন কোনো প্রচার প্রচারণা চালানোর কথা না থাকলেও আজ বেলা সাড়ে তিনটার দিকে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এম এ মান্নান। এ সময় তিনি বিরোধী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন এবং সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পদ্ধতি নিয়ে অভিযোগ করেন।


এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘উনি এ ধরনের সংবাদ সম্মেলন করতে পারেন না। প্রকারান্তরে এটিই নির্বাচনী প্রচারণা হয়, যেটি করার কোনো সুযোগ নেই, এটি বৈধও নয়। ’ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের নোটিশে এলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ’
এ সময় রিটার্নিং কর্মকর্তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘উনি (এম এ মান্নান) তো প্রেস কনফারেন্সের মাধ্যমেই অভিযোগ করেছেন, তার পরও কি ব্যাপারটি আপনাদের গোচরে আসেনি?’ জবাবে মতিয়ার রহমান বলেন, ‘হ্যাঁ, এটি আমার গোচরে আসলো।

নোটিস করার আগে আমার কিছু এভিডেন্স দরকার হয়। সেটি আমি পাওয়ার সঙ্গে সঙ্গে সে কাজটি অবশ্যই করব। ’
এদিকে নির্বাচনের ফল ঘোষণার পদ্ধতি নিয়ে মান্নানের অভিযোগের জবাবে নির্বাচন কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রে সব প্রার্থী ও পোলিং এজেন্টের সামনে ফল গণনা ও ফল ঘোষণা করা হয় এবং পোলিং এজেন্ট অথবা প্রার্থীকে ফলাফলের একটি কপি দেওয়া হয়। এরপর প্রিসাইডিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফল জমা দেবেন। সেটি মাইকে ঘোষণা করা হয় এবং একই সঙ্গে ঢাকায় নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়।

সেটি সবাই ওয়েবসাইটে দেখতে পান। সব কেন্দ্রের ফল পাওয়ার পর যিনি সর্বোচ্চ ভোট পান তাঁকেই বেসরকারিভাবে নির্বাচিত করা হয়। কাজেই এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।