ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ২০১৩-১৪ কর-বর্ষের আয়কর বিবরণী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। আজ রোববার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দিয়েছে।
ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার পর এনবিআর দুই দফায় এক মাস করে সময় বাড়িয়েছে। সর্বশেষ দফার সময়সীমা আজ শেষ হওয়ার কথা ছিল।
চলমান রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, হরতাল, অবরোধসহ রাজনৈতিক ডামাডোলের মধ্যে আয়কর বিবরণী জমা দিতে তেমন উত্সাহ নেই কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন)। অনেকেই ঝুঁকি নিয়ে বিবরণী দিতে আগ্রহী হচ্ছেন না। তাই দুই দফা সময় বাড়ানোর পর কাঙ্ক্ষিত রিটার্ন জমা পড়েনি। এমন অবস্থায় আরেক দফা সময় বাড়িয়েছে এনবিআর।
এর আগে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানোর আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারেনি।
নভেম্বর মাসে সারা দেশে সাত দিন হরতাল ও চার দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ ১৮-দলীয় জোট। এ ছাড়া বেশ কয়েক দিন আঞ্চলিকভাবেও হরতাল হয়েছে। এসব হরতাল, অবরোধে সহিংস কর্মকাণ্ডে প্রাণহানি হয়েছে।
তাই ঝুঁকি থাকায় অনেক করদাতা বিবরণী জমা ও আনুষঙ্গিক কাজ করেননি। তাই তাঁরা এখন বিপাকে পড়েছেন।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি করদাতা বার্ষিক রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবছরে এ সংখ্যা ছিল ১২ লাখের বেশি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।