... আমার কিছু কথা ছিল / তোমায় বলার কেবল তোমায় / যেই না আমি ঠোঁট নেড়েছি / সেই কথাটা তলিয়ে গেল / এই সময়ের শব্দতলায় .... আজ ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করছি. জানিনা এই ব্লগার পরিচয়টি ঠিক কতদিন ধরে রাখতে পারব. কেন জানি মনে হচ্ছে ব্লগ লেখা চাট্টিখানি কথা নয়. যতটা উত্ফুল্লতার সাথে ব্লগার হিসেবে রেজিস্ট্রেশন করেছি তার চাইতে অনেক বেশি উত্কন্ঠা বোধ হচ্ছে. মনে হচ্ছে, মনে যা আসল লিখে দিলাম, মনের কথা বলা হলো ... ব্যাস ফুরিয়ে গেল; বিষয় টা ঠিক তা নয়. মনে হচ্ছে এও যেন এক দায়িত্ব. আমি কিছু লিখব এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ... সেখানে আমি দায়িত্বহীন বা দায়ভার শূন্য হয়ে কিছু লিখতে পারিনা. বিশেষত যখন আমি কোনো গঠনমূলক বা আলোচনাপূর্ণ কিছু লিখব তখন তো একেবারেই নয়. ডায়েরির পাতায় লেখা বা নিজের প্রিয়জনের কাছে লেখার মত সহজ কর্ম এটি নয়. ভাবছি আমাদের সব্যসাচী ব্লগজ্যাষ্ঠরাও কি এমন অনুভুতির ভেতর দিয়ে গিয়েছিলেন? ব্লগ এর জন্য লেখা প্রথম লেখাটি লিখতে গিয়ে তারাও কি এমন সব ভাবনা-চিন্তা, উত্কন্ঠা-ভয় এর সন্মুখীন হয়েছিলেন?কি জানি! তবে নিজের কিছু দুর্বলতা টের পাচ্ছি ব্লগ লিখতে বসে. কত কম যে দেখি এবং শুনি তা বেশ বুঝতে পারছি. নিজেকে মনে হচ্ছে চোখ, কান, মুখ বন্ধ করা সেই বানরদের মত. চারপাশে কত কি ঘটছে. অথচ ব্লগ লিখতে বসে বিষয় নির্বাচন করতে গিয়ে কিছুই আর চোখে পড়ছেনা. আর যদিও বা কিছু মনে আসছে, তাও আবার ভাষা পাচ্ছেনা. ভাবছি কেন এমন হচ্ছে? দিনরাত্রি কত কথার ই খই না ফোটে! তবে লিখতে বসে কি ভাষা প্রয়োগে অদক্ষতা? ভাষা সংক্রান্ত জ্ঞান অভাব? হতেই পারে! টিভি চ্যানেলগুলোতেই যে ইদানিং চোখ আটকে থাকে! ফেইসবুক ই যেন এখন সেরা বই হয়ে গেছে. পড়ি নাকি আর আগের মত বই, পত্রিকা, সাময়িকী? তাও একটু হলেও যে এটুকু লিখতে পারছি তার জন্য ধন্যবাদ আমার বাবা মা কে - যারা সবসময় আমার হাতে বই তুলে দিতেন, বই পড়তে উত্সাহিত করতেন, ধন্যবাদ আমার আকাশ সংস্কৃতিবিহীন শৈশব কে. কই মাধুরী দীক্ষিত এর নাচ দেখিনি, হিন্দী সিরিয়াল দেখিনি, কিন্তু তাতে তো কোথাও আমার শৈশব, কৈশোর এর আনন্দে এতটুকু কমতি পড়েনি! আকাশ সংস্কৃতির বিরুদ্ধে আমি যাচ্ছিনা, সেখানেও শেখার আছে বহু কিছু. কিন্তু, তারপরো, কেন যে আগের মত আর বইমুখো হতে পারিনা, বই পড়তে গিয়ে নাওয়া খাওয়া ভুলতে পারিনা, জানিনা! তবে কি পড়ে গেছি জীবনচাকার তলে? হচ্ছি কি পিষ্ঠ দিন রাত জটিলাবর্তে? হ্যা, হয়ত এটাই হচ্ছে এখন! বড় হয়েছি, মা এর আঁচল এর, বাবার ছায়ার পরম নির্ভরতা থেকে এখন বেরিয়ে এসেছি, দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব দিচ্ছি. হ্যা, এখন এমন ই হচ্ছে ... জীবনে জড়িয়ে পড়ছি যত, নিজেকে ভাঙ্গতে হচ্ছে তত, তাই হারাচ্ছি তত, হয়ত তারো বেশি. কি জানি? কি জানি? কি জানি? ব্লগ লিখতে বসে শুধু এটুকু জানলাম নিজেকে বড্ড কম জানি. নাহ, সব কিছুই কম জানি.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।