চার সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের সমর্থিত প্রার্থীদের পরাজয়কে মহাজোটের জন্য একটি বিপর্যয় বলে মনে করছেন জোটের শরিক জাতীয় পার্টির নেতারা। তাঁরা মনে করছেন, এই ফল মহাজোটের জন্য একটি কঠিন বার্তা দিয়েছে, যা বাস্তবতা বুঝতে না পারার অক্ষমতা। তবে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার অনুষ্ঠিত রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের চারটিতেই মেয়র পদে পরাজয় হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের। বড় ব্যবধানে জিতেছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার মনে করেন, এটি স্থানীয় নির্বাচন হলেও এর ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের ফল মহাজোটের জন্য একটি কঠিন সতর্কবাণী। স্থানীয় নির্বাচন হলেও একে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ, শহরগুলো হলো গ্রামের প্রাণকেন্দ্র। এখানে সাধারণত সচেতন লোকজন বাস করে।
দেশের সার্বিক পরিস্থিতির কারণে এই ফল হয়েছে বলে তিনি মনে করেন।
তবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, এ পরাজয় সরকারের জন্য যত কঠিনই হোক না কেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সরকার ইচ্ছা করলে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে।
দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু প্রথম আলো ডটকমকে বলেন, এই নির্বাচন রাজনীতির নতুন দিক উন্মোচন করেছে। তিনি মনে করেন, মহাজোট বাস্তব রাজনৈতিক অবস্থা বুঝতে পারেনি।
এ কারণে এই বিপর্যয়। তিনি বলেন, এখনো সময় আছে, রাজনীতির আলোকে সার্বিক অবস্থার যথাযথ মূল্যায়ন করা দরকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।