আমাদের কথা খুঁজে নিন

   

ছন্নছাড়া অস্ট্রেলিয়ার জন্য ম্যাকগ্রার শোক

এক জো রুটের সঙ্গেই যেন পেরে উঠলেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা। ইংলিশ ওপেনার রুট খেলেছেন ক্যারিয়ারসেরা ১৮০ রানের ইনিংস। আর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৮ রানে। বল হাতেও অবস্থাটা একই রকম শোচনীয়। গতকাল তৃতীয় দিনে পুরোটা সময় বোলিং করে মাত্র দুটি উইকেটই নিতে পেরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা।

একসময় যে ম্যাকগ্রা ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিতেন, সেই তিনি কীভাবে মেনে নেবেন অস্ট্রেলিয়ার এই নির্বিষ বোলিং? লর্ডসে উত্তরসূরিদের দিশেহারা অবস্থা সত্যিই কষ্ট দিচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে।
অস্ট্রেলিয়ার সোনালি যুগের অন্যতম প্রধান সদস্য ছিলেন ম্যাকগ্রা। ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার টানা তিনটি বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ডানহাতি পেসার। ২০০৬-০৭ মৌসুমের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশও করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই গৌরবময় মুহূর্তগুলো এখন কেবলই স্মৃতি।

সেই অস্ট্রেলিয়া আর এখনকার অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধানটা আকাশ-পাতাল। এখন জয়ের কাছাকাছি যেতেই যেন নাভিশ্বাস উঠছে মাইকেল ক্লার্কের দলের।
অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্স রীতিমতো আতঙ্কিত করে তুলেছে ম্যাকগ্রাকে। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ৫৬৩টি টেস্ট উইকেটের মালিক বলেছেন, ‘এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বিভীষিকাময় দিন। সম্ভবত শুক্রবারের (দ্বিতীয় দিন) থেকেও খারাপ।

অস্ট্রেলিয়াকে খুব দ্রুতই গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। আর তারপর দিনের খেলা যত গড়িয়েছে, তাদের রান সংগ্রহের গতি ততই বেড়েছে। ’
গতকাল দিনের শেষভাগে একবার নতুন বল নেওয়ার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু সেই সুযোগটা গ্রহণ করেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। ক্লার্কের এই সিদ্ধান্তে খুবই অবাক ম্যাকগ্রা, ‘আমার খুবই জানতে ইচ্ছা হচ্ছে, কেন অস্ট্রেলিয়া নতুন বলটা নিল না।

এর মাধ্যমে ইংল্যান্ডকে দেখানো যেত যে তারা কোনোভাবেই হাল ছাড়বে না। ’
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ১৪ রানের জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৫৮৩ রানের দুরূহ লক্ষ্য বেঁধে দিয়েছে ইংল্যান্ড। এই লক্ষ্য তাড়া করে জয় পাওয়াটা যে আকাশ-কুসুম কল্পনার শামিল, সেটা খুব ভালোমতোই অনুমান করতে পারছেন ম্যাকগ্রা। তাই এখন কোনো আলৌকিকের প্রত্যাশাই করছেন ৫৬৩টি টেস্ট উইকেটের মালিক, ‘এখন কোনো আলৌকিক কিছুই অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।