আমাদের কথা খুঁজে নিন

   

তাঁকে হারানোর সাধ্য কার?

শেষ দিকে যেভাবে দৌড়াচ্ছিলেন, সেটা উসাইন বোল্টের জন্য রীতিমতো ‘হেলেদুলে চলা’। যেন বাকি প্রতিদ্বন্দ্বীদের প্রতি নিতান্ত অবহেলায় জানিয়ে দেওয়া, ‘দেখো, তোমাদের সঙ্গে জেতাটা কত সহজ!’
সত্যিই তো। কী সহজ আর কী অনায়াসেই না ২০০ মিটারের সোনা জিতলেন এই গ্রহের দ্রুততম মানব! ফিনিশিং লাইনের কাছাকাছি গিয়ে দেখলেন, বাকিরা তাঁর থেকে ‘যোজন যোজন দূর’। গতি কমিয়ে দিলেন, শেষ দাগটা পেরিয়ে গেলেন হাসতে হাসতে। তার পরেও টাইমিং ১৯.৬৬ সেকেন্ড, ২০০ মিটারে বছরের সেরা! একই সঙ্গে আরও একবার এই ইভেন্টে দেখা গেল জ্যামাইকান আধিপত্য।

বছর খানেক আগে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতা বোল্টের সঙ্গে সেরা তিনে ছিলেন তাঁর স্বদেশি ইয়োহান ব্লেক আর ওয়ারেন উইয়্যার। এবার চোটের কারণে ব্লেক নেই, তবে ১৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে উইয়্যার রুপা পেলেন ঠিকই। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্টিস মিচেল (২০.০৪ সেকেন্ড)।
ট্র্যাকে নেমে আড়মোড়া ভেঙে হাই তুলছেন বোল্ট—কয়েক বছর ধরে প্রায় সব অ্যাথলেটিকের আসরে এটাই সম্ভবত সবচেয়ে শিহরণ জাগানো দৃশ্য। এর মানে হচ্ছে, ট্র্যাকের রাজা প্রস্তুত।

তারপর দৌড় শুরু হয়ে গেলে তিনি যেন হয়ে যান কোনো কবি, প্রতিটি পদক্ষেপ যেন ঘোর লাগা ছন্দ! আরও একবার কবিতার ছন্দের মতো সেই অসাধারণ দৌড় দেখলেন মস্কোর লুজনিকি স্টেডিয়ামের দর্শকেরা, দেখল সারা দুনিয়া। সহজ জয়ের পর দর্শকদের জন্য আরও কিছুক্ষণ ট্র্যাকে দৌড়ালেন, ক্যামেরার সামনে গিয়ে ‘পোজ’ দিলেন নানা ভঙ্গিমায়, স্বদেশি উইয়্যার হাত ধরে নাচলেন বব মার্লের ‘থ্রি লিটল বার্ডস’ গেয়ে। কী অসাধারণ ‘চরিত্র’! তিনি ছাড়া অন্য কেউ এই ইভেন্ট জিতবে—এই বাজি ধরার সাহস করেনি কেউ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে টানা তৃতীয় সোনা। দৌড় শেষ করে বোল্টও জানালেন, এছাড়া অন্য কিছু ভাবেননি তিনিও, ‘আমাকে জিততেই হতো।

সোনা জিতে আমি খুব খুশি। কারণ এটা আমার প্রিয় ইভেন্ট। ’ কার্ল লুইস আর মাইকেল জনসনের রেকর্ড আট সোনা থেকে এখন তিনি হাত ছোঁয়া দূরত্বে। আজ শেষ দিনে পুরুষদের ১০০ মিটার রিলের পরেই ওই দুজনের পাশে চলে আসতে পারে বোল্টের নামও।
বোল্টের আগে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিনটা ছিল উগান্ডার স্টিভেন কিপরোটিচের।

লন্ডন অলিম্পিকের পর কাল মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ম্যারাথন জিতলেন তিনি! অলিম্পিক ম্যারাথনে তাঁর সোনা জয়টা যাঁরা ফ্লুক ভাবছিলেন, তাঁদের ভুল প্রমাণ তো করলেনই, একই সঙ্গে গড়লেন দারুণ কীর্তি। ইথিওপিয়ার গেজাহেঙ্গে আবেরার পর অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যারাথনের ‘ডাবল’ জেতা দ্বিতীয় অ্যাথলেট তিনি। এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.