আমাদের কথা খুঁজে নিন

   

আমার দাঁত পড়া সমগ্র-২

বদলে গেছি

বাঙ্গালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এ তো পুরোন বাংলা প্রবাদ। হিন্দিতেও একটা চোস্ত প্রবাদ আছে- মর্দ কা বাত, হাতি কা দাঁত। আমরা যেমন কারো ওপরে রেগে গেলে দাঁতে দাঁত ঘষি, তেমনি দাঁত চেপে কষ্টও করি। যুদ্ধের ময়দানেও দাঁতের ব্যবহার নেহায়েত কম না। শত্রুপক্ষকে দাঁত ভাঙ্গা জবাব কে না দিতে চায়।

শত্রুও তার বিষদাঁত বসিয়ে দিতে তৎপর সর্বক্ষণ। তাই দাঁত নিয়ে আমার দ্বিতীয় কিস্তি লেখাটা যৌক্তিকই বটে। আমার তৃতীয় দাঁতটা পড়েছিল স্কুলে। এ দাঁতটা তুলতে বেশ কসরত করতে হয়েছিল। আমিও বেশ উঠে পড়ে লেগেছিলাম দাঁত তুলতে কারণ অনেক খোঁজাখুঁজির পরই কেবল ক্লাস ঘরের কোণায় একটা ইঁদুরের গর্ত পেয়েছিলাম।

আমার বুজুর্গ মুরুব্বিরা বলেছিলেন যদি ইঁদুর মহোদয় দয়া করে একবার আমার দাঁত নেয় তাহলেই কেল্লা ফতে। কোন কেল্লা যে ফতে হবে তা নিয়ে মাথা ঘামাবার সময় আমার ছিল না তবে ইদুরের মত ধারালো দাঁত পাওয়ার আশায় একটা ইঁদুরের গর্ত আতি পাতি খুঁজেছিলাম। সে গর্ত হাতে পেয়েও যদি দাঁতটা দিতে না পারি তবে হাতের লক্ষী তো পায়েই ঠেলা হবে! সুতরাং আমি ও আমার বন্ধুরা মিলে সামান্য নড়তে থাকা দাঁতটা ফেলার চেষ্টা করতে থাকলাম। কিন্তু অত সহজ নয়। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? সূতা দিয়ে বেশ টানা টানি হল।

কিন্তু না দাঁতের পড়ার কোন নাম নেই। অবশেষে সাদীকে বললাম আমার মুখে একটা ঘুষি মার দাঁতটা পড়ে যাবে। ঘুষি মারার মোক্ষম সুযোগ হাত ছাড়া করবার পাত্র সে নয়। সে বড় সুযোগ সন্ধানী!!! দিল মেরে গায়ের সব জোর দিয়ে। জানি না কোন শত্রুতার প্রতিশোধ সে নিল।

তবে দিনের বেলাতে তারা দেখেছিলাম আজও দিব্যি মনে আছে। দাঁত কিন্তু পড়ে নি। অবশ্য দাঁতটা আরও নড়বড়ে হয়েছিল। রাতে বাসায় ফিরে ভগ্নদন্তরথে খেতে বসেছি। দুধ ভাত খাচ্ছি।

ব্যাস হয়ে গেল! দাঁতটা পড়ে গেল। মুখের ভেতর হাত ঢুকিয়ে বের করে আনলাম সে দাঁত। তারপর সারা ঘরময় খুশিতে নেচে বেড়ালাম। তা দেখে আব্বু আমার সে কী হাসি। হাসুক।

আমি তো হাসির পাত্রই! দাঁত তো পড়েছে। কাগজে মুড়ে ভাঁজ করে রাখলাম সে অমূল্য রত্ন। পরদিন সাদীকে ধন্যবাদ দিতে ভুলি নি। দুই বন্ধু মিলে দাঁতটা দিয়ে দিলাম ইঁদুরের গর্তে। রীতি মত ইদুরের পায়ে ধরে বললাম আমার দাঁত নাও ভাই তোমার দাঁত দাও ভাই।

একালের ছেলে মেয়েরা আর কটা ইঁদুরের গর্ত দেখেছে। কজনের দাঁতই বা ইঁদুরের গর্তে দিয়েছে যে ওদের দাঁত আমাদের দাঁতের মত অত ধারালো হবে! আমার দাঁত পড়া সমগ্র-১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।