কুষ্টিয়া'র ঘোড়াঘাট থেকে নৌকায় গড়াই পার হচ্ছিলাম। একটু চুপচাপ সময় গেল, নৌকোও এগুলো। তারপর, নৌকার মাঝি নিজ থেকেই প্রশ্ন করেন, 'কোনে যাবেন? শিলেদা কুটিবাড়ি?'
আমি বলি, 'হ্যাঁ, কুঠিবাড়ি। '
মাঝি বলেন, 'ও ভাব দেকেই বুজা যায়, কিডা কোনে যাচ্চে। ' এরপর মাঝি তার দ্বিতীয় প্রশ্ন করেন, 'ছেউড়ে গেছেন?'
বলি, 'সকাল থেকে তো ছেউড়িয়াতেই ছিলাম।
ভাবলাম, শিলাইদহও ঘুরে যাই। '
ছেউড়িয়া থেকে ঘোড়াঘাট দুই কিলোও হবে না হয়তো। কিন্তু গড়াই পার হয়ে শিলাইদহ হয়তো আরো ১০ কিলো দূরে। যাই হোক, মাঝির নৌকা এগিয়ে চলে, আমাদেরও কথা থেমে যায়। কিন্তু কথা আসলে চলতেই থাকে, মনে মনে হলেও।
এবার আমিই প্রশ্ন করি মাঝিকে , 'বলেন তো লালন ফকির আসলে কে?'
'লালন হচ্ছে মনের মানুষ। '
মাঝির ভাবময় উত্তর শুনে, ঘাড় ঘুরিয়ে তাকাই। ভাবলাম, জমিদার রবীন্দ্রনাথ সম্পর্কে এই মাঝির পার্সেপশন কি হতে পারে? সুতরাং প্রশ্ন করা ভালো, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনার কি মনে হয়?'
কুষ্টের একসেন্টে মাঝির সহজ উত্তর, 'সে আমার অঞ্চলের মেন কবি'
তরী কিনারে ভিড়ল...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।