আসন্ন টি-২০ বিশ্বকাপের চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে আইসিসির পরিদর্শক দল। ভেন্যুর সংস্কারকাজের অগ্রগতি, ড্রেসিং রুম, মিডিয়া রুম এবং ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখে চট্টগ্রাম ভেন্যু বিশ্বকাপের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তারা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি বিষয়ে আইসিসি ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি বলেন, 'টি-২০ বিশ্বকাপের জন্য চট্টগ্রামের প্রস্তুতি খুবই ভালো। আগেও এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য তা খুব কাজে দিয়েছে। এটি আন্তর্জাতিক ভেন্যু হওয়ার এ নিয়ে তেমন কোনো আপত্তি নেই আইসিসির।
কিছুদিন আগে ভেন্যুর কিছু সংস্কারের জন্য নির্দেশনা দিয়ে কাজের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করেছে। কাজের অগ্রগতি দেখে আমরা খুবই সন্তুষ্ট। '
গতকাল দুপুর ১২টার দিকে আইসিসির পরিদর্শক দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসে। শুরুতে বিসিবির পক্ষ থেকে পর্যবেক্ষক দলের সদস্যদের সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রতিনিধি দলের সদস্য অ্যান্ডি অ্যাটকিনসন মাঠে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ শুরু করেন। বাকি সদস্যরা উইকেট, মাঠ, মিডিয়া বক্স ও ড্রেসিং রুম ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারকাজের অগ্রগতি দেখেন। পরে অ্যান্ডি অ্যাটকিনসন অনুশীলন ভেন্যু চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও একাডেমী পরিদর্শন করেন। দুপুর ১টার দিকে পরিদর্শক দল আসে অনুশীলন ম্যাচ ভেন্যু চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। এখানেও ভেন্যুর যাবতীয় সুযোগ-সুবিধা পরিদর্শন করে প্রতিনিধি দল।
এমএ আজিজ স্টেডিয়ামের প্রস্তুতি বিষয়ে বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য আ জ ম নাছির উদ্দিন বলেন, এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ বাড়ানোর জন্য বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে দাবি জানানো হয়েছে। এরই মধ্যে এ স্টেডিয়ামের সিংহভাগ সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে। এ ভেন্যুর ব্যাপারে আইসিসি পরিদর্শন দলের কোনো অভিযোগ নেই, তবে ড্রেসিং রুম দুটি সংস্কারের জন্য তারা নির্দেশ দিয়ে গেছেন ।
আইসিসির চার সদস্যের পরিদর্শক দলে রয়েছেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি, প্রধান পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন, স্টেডিয়াম পরামর্শক ভ্যান লিউ জিন ও টুর্নামেন্ট ডিরেক্টর ধিরাজ মালহোত্রা। তাদের সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মাহবুব আনাম, লোকমান হোসেন ভূঁইয়া, আ জ ম নাছির উদ্দিন ও ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল।
এ ছাড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা পরিদর্শক দলের সঙ্গে ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।