আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রিত্ব ছেড়ে শুল্কমুক্ত গাড়ি আমদানি করুন _মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী



মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি আমদানির দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্টো যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চান, তাঁদের মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এ সুযোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুযোগ দাবি করলে শেখ হাসিনা তাঁর এ মনোভাবের কথা জানান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এখন থেকেই কর্মপরিধি নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তাঁর সহকর্মীদের নিজ নিজ মন্ত্রণালয়ের ২০১০-১১ অর্থবছরের বাজেট শতভাগ বাস্তবায়নের তাগিদ দেন। বৈঠকে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিরোধী দল বিএনপি পরিকল্পিতভাবে হরতাল দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে। তিনি মন্ত্রীদের এ অপচেষ্টা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান এবং এ ধরনের চক্রান্ত কঠোরভাবে দমন করার নির্দেশ দেন। অনানুষ্ঠানিক বৈঠকের শুরুতেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পক্ষে শুল্কমুক্ত গাড়ির দাবি উপস্থাপন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ সে দাবি বাতিল করে দেন। তখন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজন এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধার প্রসঙ্গ তুলে তাঁরা নিজেরাও এমপি_এটা শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দেন।

তখন প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা সরকারি গাড়ি ব্যবহার করেন। ' মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'এমপিরা শুল্কমুক্ত গাড়ি কেনার পর তা সারা জীবন ব্যবহার করেন, কিন্তু আমাদের গাড়ি পাঁচ বছর পর ফেরত দিতে হবে। তখন কী ব্যবহার করব। ' সূত্র জানায়, প্রধানমন্ত্রী তখন তাঁদের উদ্দেশে বলেন, 'শুল্কমুক্ত গাড়ির দরকার হলে মন্ত্রিত্ব ছেড়ে শুধু সংসদ সদস্য হয়ে গাড়ি আমদানির সুযোগ নেন। ' উল্লেখ্য, এমপিরা প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান এরশাদের শাসনামলে।

তবে এসব গাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এমপিদের এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়। বর্তমান মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর শর্তসাপেক্ষে এ সুযোগ আবার চালু করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.