রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে বাড়তি নিরাপত্তা নিয়ে মাসব্যাপী 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪' শুরু হয়েছে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার ১৯তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর মেলার একটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি।
সহিংসতার আশঙ্কায় এবার মেলায় প্রত্যেক প্যাভিলিয়ন ও স্টলে নির্ধারিত সংখ্যক অগ্নি-নির্বাপণযন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অন্য বছরের চেয়ে এবার মেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি ও বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে মেলায়। নিরাপত্তা পর্যবেক্ষণে থাকবে ১২০টি সিসিটিভিসহ আধুনিক সরঞ্জামের ব্যবস্থা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে মেলায় এ বছর দেশি-বিদেশি ৪৭৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। অংশ নিচ্ছে ১২টি দেশ। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য এবারও আলাদা জোন করা হয়েছে।
প্রতিবছর ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে তা ১০ দিন পেছানো হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
উল্লেখ্য, গত বছর ২০১৩ সালের মেলা থেকে ১৫৭ কোটি টাকার রফতানির আদেশ পাওয়া গিয়েছিলো।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।