www.banasree.com
বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রেণী, অঞ্চল ও পেশাভেদে দাঁতের রোগীরা বিভিন্নভাবে তাঁদের রোগের বিবরণ উপস্থাপন করে থাকেন। আলোচ্য বিষয়ে কাউকে কটাক্ষ করা নয়, বরং চিকিৎসার বৃহত্তর স্বার্থে রোগীদের কিছু কথা উপস্থাপন এবং তার সমাধানে করণীয় সম্পর্কে আলোকপাত করা হলো। রোগীদের উপস্থাপিত কথাগুলো নব্বইয়ের দশকের সময় বেশ আলোচিত ছিল। কোন কোন কথা বর্তমানে ইতিহাস হয়ে আছে আবার কিছু কথার বিশ্লেষণ এখনও প্রয়োজন।
দাঁত তোলার পরদিন রোগীরা যা বলেন : ডাক্তার সাহেব সারারাত ধরে রক্ত পড়েছে।
আবার কেউ বলেন, আধা বালতি পরিমাণ রক্ত পড়েছে। আসলে কোনটিই ঠিক নয়। কারণ সাধারণত সারারাত রক্ত পড়লে একজন রোগী এমনিতেই মৃত্যুবরণ করবে। আসলে এক্ষেত্রে এক্সুডেশন হয়, যা গ্রাম-বাংলায় ম-রক্ত নামে সমধিক পরিচিত।
দাঁত তোলার পর কটন প্যাক দেয়ার সময় রোগীরা যা বলেন : অনেক সময় রোগীরা দাঁত তোলার পর ডাক্তারের কাছ থেকে পুনরায় তুলা চেয়ে নেন, দাঁত তোলার স্থানে আবার দেয়ার জন্য।
কিন্তু একটি কথা সবার জানা একান্ত জরুরী যে, একবার কটন প্যাক দেয়ার পর যখন রক্ত জমাট বাঁধে তখন আবার তুলা দিয়ে দাঁত তোলার স্থানে চাপ দিলে রক্তের জমাট অবস্থা ভেঙ্গে যায়। ফলে পরে আর রক্ত জমাট বাঁধে না। অনেক সময় রোগীকে আধা ঘণ্টা পর কটন প্যাক ফেলে দিতে বললে রোগী তা ভুল বুঝে বা ভুল শুনে আট ঘণ্টা পর তুলা ফেলার চেষ্টা করেন। ততক্ষণে তুলা জমাট রক্তের সঙ্গে মিশে খুবই শক্ত হয়ে যায়। তাই ডাক্তারের পরামর্শ রোগীদের মনোযোগ দিয়ে শোনা উচিত।
দাঁতের ব্যথা হলে রোগীরা যা বলেন বা এক সময় বলতেন :
(ক) দাঁত ব্যথা করছে,
(খ) দাঁত শুলায়,
(গ) দাঁত টাটাচ্ছে,
(ঘ) দাঁতে মারে,
(ঙ) দাঁতে ঘাইয়্যায়,
(চ) দাঁতে পোকা লেগে ব্যথা করছে,
(ছ) দাঁতের ভিতর পোকা কামড়ায়,
(জ) দাঁতে চিলিক মারে।
দাঁত ফিলিং করার সময় রোগীরা যা বলেন বা বলতেন : ডাক্তার সাহেব ভাল মতো পুটিং করে দেন,
(খ) ভালভাবে পুডিং করে দেন,
(গ) ভালভাবে ঢালাই করে দেন,
(ঘ) ভালমতো ঝালাই করে দেন,
(ঙ) ভাল মতো ফিল্ডিং করে দেন,
(চ) ভাল মতো পেস্টিং করে দেন,
(ছ) সিসা দিয়ে ফিলিং কইরা দেন।
দাঁত শিরশির করলে রোগীরা যা বলেন বা বলতেন :
(ক) দাঁত শিরশিরায়,
(খ) পানি নিলে দাঁত শিরশির করে ওঠে,
(গ) বাতাস লাগলে শিরশির করে,
(ঘ) দাঁত কালায়।
উপরের আলোচনা থেকে একটা কথা স্পষ্ট যে, ডাক্তারকে রোগীদের কথা বুঝতে হবে হৃদয় দিয়ে রোগীদেরও ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ডাক্তারের উপদেশ যথাযথভাবে পালন করতে হবে। তবেই অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে।
সূত্র: http://www.dailyjanakantha.com
সোজাসাপটা@জিমেইল ডট কম
http://www.banasree.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।