হে ভালবাসার দূরতম অতীত
-এম জসীম
আমার এ অব্যক্ত ব্যথা বোঝে কে
কে বোঝে মৌনতার আড়ালে আছে
তীব্র আকুলতা; মৃত্যুর শিহরণ।
ভালবাসার বৃদ্ধ ফুল আমি
পনেরো বসন্ত পার করে ঝরে গেছে
একেকটি পাপড়ি; খসে পড়ে যেমন নক্ষত্র
আকাশের ত্বক থেকে জ্বলে -জ্বলে।
হে, ভালবাসার দূরতম অতীত
তুমি শুধু ভুল রোমন্থন করেছো এতকাল
ভুল অভিমানে আমিও ভাসিয়েছি তরি
ভুল, দোষ আর ঘৃনার মিশ্রণের দ্রবন
পান করে-করে দূরে সরিয়েছো অনবরত
গৌরবের সম্বন্ধ।
আমি মূক হয়ে গেছি শুধু অবিমিশ্র বেদনায়
হয়ে গেছি ভাষাহীন তরু
পরজীবির মতো অসুখী ছায়া বুকে নিয়ে
তোমার ছায়ায় হেঁটেছি অবিরাম
ক্ষয়িত ধূলি-ধুসর মেঠোপথ যতদূর গেছে....
তবু বিচ্ছেদ করেছে নিরাশ্রয়।
বল, ব্যথার এই সফেন বুকে নিয়ে আর কত ?
কতটা সময়, কতটা দিন !
আমার পাঁজরের পুস্পের কাছে
রেখেছি তোমায়
সৌরভে ঘুমাবে অনাদীকাল জুড়ে।
দেখো, একদিন ঠিক তুমি
অনুবাদ করতে পেরেছো এই ভীরু মৌনতা আমার
ক্ষয়িত যৌবনের দীর্ঘশ্বাস....
সেদিন আমি সব বন্দর ঘুরেফিরে না হয়
আবার নোঙ্গর ফেলবো তোমার বন্দরে !
১ আগষ্ট-২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।