আমাদের কথা খুঁজে নিন

   

মাছের ব্যাগ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমি থাকি বনানী এলাকায় কিন্তু বাজার করি মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন কাঁচা বাজার থেকে। কারন দীর্ঘকাল যাবৎ আমি মোহাম্মদপুর এলাকায় বসবাস করেছি। তাই নিয়মিত এই বাজারে কেনাকাটা করার কারনে বিক্রেতাদের অধিকাংশই আমার পরিচিত। কার সাথেই কোনকিছুর জন্য দরদাম করতে হয়না। মাছ থেকে শাক-শব্জী সবই চাহিদা মত পেয়ে যাই।

তাজা ও টাটকা মাছের লোভে মাধবের কাছে প্রতি সপ্তাহেই আমাকে ধর্ণা দিতে হয়। একটু দেরী হলেই পছন্দের মাছ ভাগ্যে জোটে না। তাই সকাল সাড়ে ন'টার মধ্যেই যেতে হয়। মাধব তার মাছের দাম একটু বেশী রাখলেও ওর মাছ সবার আগেই শেষ হয়ে যায়। কারণ তাজা ও টাটকা মাছ।

ওর ব্যবসা মাত্র ঘন্টা দুয়েকের। যারা ওর কাছ থেকে মাছ কেনে সবাই ওর নিয়মিত খরিদদার। শুক্রবারের প্রচন্ড ভীড় এড়াবার জন্য আমি শনিবারেই বাজার করতে সুবিধে মনে করি। বাজার করার আলসেমীর কারনে প্রতি সপ্তাহের এই একটা ছুটির দিন বরাদ্দ করে রেখেছি। আজ শনিবার, ছুটির দিন।

বউয়ের পীড়াপিড়িতে একটু সকাল সকাল গেলাম মোহাম্মদপুর বাজারে। আর বাজার শেষে মেজাজটাই কেন জানি বিগড়ে গেল। রাগ হলো নিজের উপর। নিজের অসাবধানতার জন্য। মাছের বাজারে যেয়েই মাধবের কাছ থেকে মাছ কিনলাম পছন্দমত।

মাছ ক্রয় বাবদ প্রায় ১৫০০ টাকা গচ্চা গেল। ছোট বড় মিলিয়ে পাঁচ-মিশালী গোছের বেশ কিছু মাছ। মাছ কেনার পর বিভিন্ন পদের কাঁচা শাক-শব্জী নিলাম গিন্নীর পছন্দমত। সব শেষে এক দোকান থেকেই কিনলাম সারা সপ্তাহের যাবতীয় পেয়াঁজ, গোল আলু, জাম আলু, ছোট আলু আদা, রসুন- সবই পাইকারী দরে। আর এই সদাই কিনতে যেয়েই মেজাজ খারাপের আসল বিপত্তিটা ঘটলো।

এই দোকানের সামনেই একটা ঝুরিতে মাছ ও তরকারীর ব্যাগগুলো রেখে সদাই নিচ্ছিলাম। দাম মিটিয়ে সবগুলো ব্যাগ রিক্সায় তুলতে যেয়ে দেখি সব ব্যাগ আছে শুধু মাছের ব্যাগটাই নেই। কে জানি নিজের মনে করে তা নিয়ে গ্যাছে। বেচারা টাটকা মাছের লোভ হয়তো সামলাতে পারেনি। এই মাছ খেয়ে তার যে নিত্যকারের রুচি বদলাবে এই ভেবে অগত্যা মাছের ব্যাগের আশা ছেড়ে অন্যান্য ব্যাগ সমেত রিক্সায় উঠে বসলাম।

আর মনে মনে নিজের মন্ডু চটকাচ্ছিলাম। দ্বিতীয়বার কিছুতেই মাছের বাজারে ঢুকতে ইচ্ছে করলো না। কাল/পরশু আবার মাছ কিনবো ভেবে টাউন হলের সামনে থেকে একটা সিনজি ধরলাম বনানীর উদ্দেশ্যে। খামার বাড়ী আসতেই সিএনজির পেছনের চাকা বিকট শব্দে পাংচার। ভাগ্যিস কোন দুর্ঘটনা ঘটেনি।

অগত্যা মিটারের ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলাম বেশ কিছুণ বিকল্প কোন বাহনের অপোয়। তিন তিনটা সিএনজির একটাও বনানী যেতে রাজি হলো না। অবশেষে একটা কালো ক্যাব পেয়ে গেলাম। সেই ক্যাবে করেই বাজার সমেত বাড়ী ফিরলাম। ক্যাবে বসে ভাবছিলাম বাড়ী ফিরে বউকে কী বলবো? আমার শাশুড়ি অমার বাসায় কদিন থাকবেন ভেবেই বেচারী কিছু ভাল মাছ আনতে বলেছিল।

এখন হয়তো বলবে যে একটা সামান্য মাছের ব্যাগ সামলাতে পারে না সে একটা সংসার সামলাবে কী করে? জবাবে হয়তো বলবো, সংসার সামলানোর জন্য তুমিই যথেষ্ট- আমি শুধুই নিয়ামক মাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।