আমাদের কথা খুঁজে নিন

   

কৃষক পাবে কেজিতে দেড় টাকা বেশি, মিল মালিক ২ টাকা

এবার সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে।

আগামী ১ মে থেকে চার মাসে সরকার মোট ১০ লাখ টন চাল এবং দেড় লাখ টন ধান সংগ্রহ করবে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য চুলচেরা বিশ্লেষণ করে বোরো ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে। ”

তিনি জানান, এবার প্রতিকেজি বোরো ধানের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১৭ টাকা, চালের খরচ পড়েছে সাড়ে ২৬ টাকা।

গত বছর বোরো মৌসুমে ২৯ টাকা কেজি দরে বোরো চাল এবং সাড়ে ১৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করেছিল সরকার।

এবারো ১ এপ্রিল থেকে তিন মাসে সরাসরি কৃষকদের কাছ থেকে দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে। এজন্য কেজিতে ২৭ টাকা দাম পাবেন কৃষকরা।

সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের ফলে বাজারে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “কৃষকদের কাছ থেকে ধান কেনার ফলে তাদের হাতে নগদ টাকা আসবে। ”

মন্ত্রী জানান, এবার এক কোটি ৮৯ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ হয়েছে।

আর আমন মৌসুমে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন বেশি।

অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।    


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।