আমাদের কথা খুঁজে নিন

   

বিপুল পরিমাণ স্বর্ণের চেইন ও মালয়েশিয়ান মুদ্রাসহ আটক ১

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার রাতে মো. গোলাম রব্বানী (৩৯) নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রায় দেড় কেজি ওজনের ১৯৪টি স্বর্ণের চেইন এবং ৮৮ হাজার ৪১২ মালয়েশিয়ান রিঙ্গিত (২০ লাখ ৩২ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আটক হওয়া রব্বানী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে গতকাল রাত পৌনে ১১টার দিকে ঢাকায় আসেন। তাঁর সঙ্গে আরেকজন সহযাত্রী ছিলেন। ওই ব্যক্তির নাম মো. শহীদুল হক।

তাঁরা দুজনই উদ্ধার হওয়া মালামাল নিয়ে মালয়েশিয়া থেকে গতকাল দেশে আসেন। বিমানবন্দরের আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে বাইরে বেরিয়ে আসার সময় আর্মড পুলিশ সদস্যরা রব্বানীকে আটক করেন। তবে অপর সঙ্গী শহীদুল পালিয়ে যান।
উদ্ধার হওয়া স্বর্ণের চেইনের মূল্য প্রায় ৩৮ লাখ টাকা বলে আলমগীর হোসেন জানান। রব্বানী চেইনগুলো জুতোর শুকতলিতে লুকিয়ে নিয়ে এসেছিলেন।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এপিবিএন জানায়, দীর্ঘদিন ধরে তাঁরা এ ধরনের পাচার কাজের সঙ্গে জড়িত। কর ফাঁকি দিয়ে তাঁরা ইলেকট্রনিক পণ্যসহ নানা ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসতেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রব্বানী এপিবিএনের হেফাজতে রয়েছেন। বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪-এর চোরাচালান বিরোধী ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলাটি তদন্ত করবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.