আমাদের কথা খুঁজে নিন

   

নির্জন স্বাক্ষর - জীবনানন্দ দাশ (কানা চাচ্চু কে)



তুমি তা জানো না কিছু- না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে- পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল? আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি ঝরে যাবো-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেইদিন পৃথিবীর পরে। রয়েছি সবুজ মাঠে-ঘাসে আকাশ ছড়ায়ে আছে নীল্ হয়ে আকাশে-আকাশে; জীবনের রঙ তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে চেনে!- সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল; রাতে-রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচ থাকে হৃদয়'এর গভীর গহবরে নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে! একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে-ভুলে যায় কথা; যে-আগুন উঠেছিলো তাদের চোখের তলে জ্বলে নিভে যায়-ডুবে যায়-তারা যায় স্থলে। নতুন আকাঙ্খা আসে- চলে আসে নতুন সময় পুরোনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে বলে; আমার বুকের থেকে তবুও কি পরিয়াছে সকলে কোনো এক মানুষীর তরে যেই প্রেম জ্বলিছে পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত- সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শ্বেত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছো জেগে- যে আকাশ জ্বলিতেছে, তার মতন মনের আবেগে জেগে আছো; জানিয়াছো তুমি এক নিশ্চয়তা হয়েছে নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কতো আলো- কতো আগুনের ক্ষয় কতোবার বর্তমান হয়ে গেছে ব্যর্থ অতীত তবুও তোমার বুকে লাগে নাই শ্বেত যে নক্ষত্র ঝরে যায় তার। যে পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি; তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো-তুমি- বাহিরের আকাশে শ্বেত নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পরিতেছে ঝরে ক্লান্ত হয়ে- শিশিরের মতন শব্দ করে। জানো নাকো তুমি তার স্বাদ তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতন তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার? তোমার আকাশ- আলো- জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল? আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি চলে যাবো- তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেদিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমাকে লক্ষ্য করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।