নয়া পল্টনে সোমবার সমাবেশের কর্মসূচি দিলেও পুলিশের অনুমতি না পেয়ে বুধবার সমাবেশের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
কিন্তু মঙ্গলবার পর্যন্ত পুলিশের অনুমতি পাওয়া যায়নি বলে বিএনপি নেতা মওদুদ আহমদ জানিয়েছেন।
রাতে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার চরম ফ্যাসিস্ট আচরণ করছে। তারা বিরোধী দলকে সমাবেশ করতে দিচ্ছে না। আমরা অনুমতি চেয়ে দুই বার আবেদন করছি।
মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। ”
পুলিশের সিদ্ধান্তের জন্য বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনুমতি না পেলে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, আটক নেতাদের মুক্তি, হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে ১৮ দল বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ ডেকেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, সোমবার সকালে তারা বুধবারের সমাবেশের জন্য মহানগর পুলিশের কাছে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ কিছুই জানাচ্ছে না।
সমাবেশের অনুমতি না পাওয়ার প্রেক্ষাপটে রাতে দলের কয়েকজন নেতাকে গুলশানের কার্যালয়ে ডেকে তাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম ওই বৈঠকে ছিলেন।
এরপর অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ রউফ, সাবেক সচিব আসাফ-উদ-দ্দৌলা, কবি আবদুল হাই শিকদার বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।