রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন। এর মাঝে বইছে নির্বাচনী হাওয়া। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লিগ গত কয়েকদিন ধরেই বিক্রয় করছে মনোনয়নপত্র। আওয়ামী লিগের টিকিটে সংসদ নির্বাচনে অংশ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। মনোনয়নপত্র ক্রয় করছেন তারা।
গতকাল মানিকগঞ্জ-১ আসনের মনোনয়নপত্র ক্রয় করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। দেশের সাবেক নন্দিত ফুটবলার বাদল রায়ও গতকাল কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। এর আগে বাংলাদেশ ফুটবল দলের জাতীয় সাবেক অধিনায়ক আরিফ খান জয় কিনেছেন নেত্রোকোনা সদর আসনের। এই তিন ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের কেনার কথা কিশোরগঞ্জ-৭ থেকে। বিসিবির সাবেক দুই সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাবের হোসেন চৌধুরীও মনোনয়ন পত্র কিনছেন নির্বাচনে অংশ নিতে।
মুস্তফা কামাল নির্বাচন করবেন কুমিল্লা-১০ থেকে এবং সাবের হোসেন ঢাকা-৯ থেকে। নাইমুর রহমান ও আরিফ খান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই পরিচিত মুখ। দুজনে এর আগে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লিগের। যদিও ওই নির্বাচন হয়নি। এবার দুজনে আবার কিনেছেন।
মনোনয়নপত্র পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, 'এর আগে আমি মনোনয়ন পেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লিগ থেকে। আজ (গতকাল) আবার মনোনয়নপত্র কিনেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। ' দুর্জয় এখন বিসিবির পরিচালক। জয় বিজেএমসির পরিচালক।
বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন করবেন কিশোরগঞ্জ-৭ থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে। বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সহ সভাপতি মুস্তফা কামাল এবারও নির্বাচন করবেন। সাবের হোসেন ঢাকা-৯'র সংসদ সদস্য। তিনিও নির্বাচন করবেন।
এসব ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও বিসিবির পরিচালক আ জ ম নাছিরের মনোনয়নপত্র কেনার কথা চট্টগ্রাম ৯ ও ১০ থেকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর কর্নধার মুশফিকুর রহমান মোহন মনোনয়নপত্র কিনেছেন সিরাজগঞ্জ-৫ আসনের। বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফনি টুটুলের নির্বাচন করার কথা মানিকগঞ্জ-২ থেকে। সাবেক মহিলা অ্যাথলেট মাহাবুব আরা গিনির নির্বাচন করতে চাইছেন গাইবান্ধা-২ থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।